TenderIQ অ্যাপ খুলুন

PPA 2006 ধারা ৩৯ — বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয়ে আন্তর্জাতিক পরামর্শক নির্বাচন

অ্যাপে বিধি ও আইন খুলুন

পঞ্চম অধ্যায়: বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা ক্রয় পদ্ধতি ও উহার প্রয়োগ · অংশ ২: আন্তর্জাতিক ক্রয়

সংশোধিত ধারানিচের লেখা ২০০৬ সালের মূল পাঠ। ২০২৬ সনের ৪১ নং আইন এই ধারার কিছু অংশ বদলেছে (কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে); বদলগুলো মূল পাঠের নিচে দেওয়া হলো।

(১) স্থানীয় কোন পরামর্শক প্রতিষ্ঠানের বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা ও কুশলতা নাই বলিয়া কোন ক্রয়কারীর নিকট যুক্তিসঙ্গতভাবে প্রতীয়মান হইলে, তিনি এই আইনের তৃতীয় ও ষষ্ঠ অধ্যায় অনুসারে এবং ধারা ৩৭ এবং ৩৮ এ উল্লিখিত পদ্ধতির যে কোন একটি পদ্ধতি অনুসরণপূর্বক, এবং নিম্নবর্ণিত শর্তাদি পূরণক্রমে আন্তর্জাতিক পরামর্শক নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন, যথাঃ-

(ক) আগ্রহব্যক্তকরণের অনুরোধসম্বলিত বিজ্ঞপ্তি ইংরেজী ভাষায় প্রণীত হইতে হইবে এবং এই আইনের ধারা ৪০ এর বিধান অনুসারে উহা প্রচারের ব্যবস্থা করিতে হইবে;
(খ) প্রস্তাব দাখিলের অনুরোধসম্বলিত দলিল ইংরেজী ভাষায় প্রণীত হইতে হইবে; এবং
(গ) নিম্নবর্ণিত বিষয়সমূহ বিবেচনাক্রমে প্রস্তাব দাখিলের অনুরোধসম্বলিত দলিল প্রস্তুত করিতে হইবে-

(অ) প্রস্তাব দাখিলের জন্য নির্ধারিত ন্যুনতম সময় প্রদান করিতে হইবে;
(আ) জাতীয় প্রয়োজনের সহিত সামঞ্জস্য রক্ষা করিয়া আন্তর্জাতিক মান অথবা আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ব্যাপকভাবে স্বীকৃত মানদন্ডের ভিত্তিতে পরামর্শকের কার্যপরিধি নির্ধারণ করিতে হইবে;
(ই) পরামর্শকগণকে আন্তর্জাতিক ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত মুদ্রায় বা মুদ্রাসমূহে প্রস্তাব দাখিলের সুযোগ প্রদান করিতে হইবে;
(ঈ) স্থানীয় যোগান সংশ্লিষ্ট ব্যয় টাকায় উদ্ধৃত করিবার জন্য পরামর্শকগণকে নির্দেশ প্রদান করিতে হইবে;
(এ) প্রস্তাবে বর্ণিত মুদ্রায় বা মুদ্রাসমূহে প্রাপ্য অর্থ পরিশোধ করিতে হইবে;
(ঐ) চুক্তির সাধারণ এবং বিশেষ শর্তাবলী হইবে আন্তর্জাতিক বুদ্ধিবৃত্তিক ও পেশাগত সেবার ক্ষেত্রে প্রস্তাব দাখিলের অনুরোধসম্বলিত দলিলে সাধারণ-ভাবে ব্যবহৃত শর্তাবলীর অনুরূপ;
(ও) বিরোধ নিষ্পত্তির জন্য বিকল্প ব্যবস্থার বিধান থাকিবে ৷ এই ক্ষেত্রে প্রস্তাব দাখিলের অনুরোধসম্বলিত দলিলে বর্ণিত আন্তর্জাতিক সালিস নিষ্পত্তির বিধান থাকিবে ৷

(২) এই ধারার অধীন সেবা ক্রয়ের ক্ষেত্রে যৌথ উদ্যোগে স্থানীয় অংশীদারিত্ব উৎসাহিত করা যাইবে, কিন্তু উহা বাধ্যতামূলক শর্ত হিসাবে আরোপ করা যাইবে না ৷

সংশোধন: পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) আইন, ২০২৬ (২০২৬ সনের ৪১ নং আইন)

কার্যকর, ২৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে · গেজেটের ভাষায়

২০। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৩৯ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৩৯ এর উপ-ধারা (২) এর প্রান্তস্থিত “।” চিহ্নের পরিবর্তে “:” চিহ্ন প্রতিস্থাপিত হইবে এবং অতঃপর নিম্নরূপ শর্তাংশ সংযোজিত হইবে, যথা:—

“তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন সরকারের নিজস্ব অর্থে তথ্যপ্রযুক্তিগত সেবা (IT services) ক্রয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক প্রস্তাব আহ্বান করা অপরিহার্য হইলে, দেশীয় পরামর্শক প্রতিষ্ঠানকে যৌথ উদ্যোগের (joint venture) অংশীদার হিসেবে অন্তর্ভুক্ত করিতে হইবে।”।

দ্বিতীয় সংশোধনী কার্যকর হলে যা বদলাবে

২০২৬ সনের ১১২ নং আইন · গেজেটে প্রকাশিত ২২ নভেম্বর ২০২৬, কার্যকর তারিখ এখনো ঘোষণা হয়নি

২০। ২০০৬ সনের ২৪ নং আইনের ধারা ৩৯ এর সংশোধন।—উক্ত আইনের ধারা ৩৯ এর উপ-ধারা (২) এর পরিবর্তে নিম্নরূপ উপ-ধারা (২) প্রতিস্থাপিত হইবে, যথা:—

“(২) এই ধারার অধীন সেবা ক্রয়ের ক্ষেত্রে ধারা ২৭ এর উপ-ধারা (২) অনুসারে যৌথ উদ্যোগে ন্যূনতম স্থানীয় অংশীদারত্ব নিশ্চিত করিতে হইবে।”।

পাঠ সরকারি প্রকাশিত পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ থেকে সংকলিত। আইনি প্রয়োজনে সরকারি গেজেটের সঙ্গে মিলিয়ে নিন।

অ্যাপে বিধি ও আইন খুলুন — অ্যাপে এখনই

অ্যাপে বিধি ও আইন খুলুন

আরও পড়ুন